সৌদির সাথে মিল রেখে পটুয়াখালীতে ঈদ উদযাপন
- আপডেট সময় : ০১:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ২৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২১ গ্রামের ২৫ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করেছে।আজ বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে। এছাড়া, জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে চান টুপি অনুসারীর সকল বয়সী মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। অনেকেই মোলাকাত করে তাদের ঈদ আনন্দ উপভোগ করছেন।
স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।
কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকার শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মো. জামাল বলেন, বৃষ্টির কারণে এ বছর আমরা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি। নামাজ শেষে দেশ ও উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

























